প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৬:২৪ পিএম

পাকিস্তান প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে সব সীমান্তপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। এর ফলে সীমান্তের উভয় পাশে শত শত মানুষ আটকা পড়েছে বলে সোমবার (১৬ জুন) জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। বেলুচিস্তান প্রদেশের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
স্থানীয়দের আশঙ্কা, রোববার (১৫ জুন) থেকে কার্যকর হওয়া এই পদক্ষেপের ফলে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের বেশ কয়েকটি জেলায় খাদ্য ও তেলের ঘাটতি দেখা দিতে পারে। কারণ প্রদেশটি ইরানের সীমান্তবর্তী এবং খাদ্য সরবরাহ ও ইরান থেকে আসা তেলের ওপর নির্ভরশীল।
পাকিস্তানের সাথে ইরানের সংযোগকারী বেশ কয়েকটি স্থলপথ রয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো চাঘি জেলার তাফতান সীমান্ত ক্রসিং এবং বেলুচিস্তানের গোয়াদর জেলার গাবদ-রিমদান সীমান্ত।
বেলুচিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বখ্শ পিরকানি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, “চাগাই, ওয়াশুক, পানজগুর, কেচ ও গওয়াদার — এই পাঁচ জেলার সব সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে।”
চাগাই জেলার এক সীমান্ত কর্মকর্তার ভাষ্য, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে প্রবেশ স্থগিত থাকবে।”
তবে সীমান্তে বাণিজ্যিক কার্যক্রম চালু থাকবে এবং ইরান থেকে পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানান ওই কর্মকর্তা আতাউল মুনিম।
তিনি আরও বলেন, “আজ আমরা প্রায় ২০০ পাকিস্তানি শিক্ষার্থী প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছি।” সূত্র আল জাজিরা
স্বদেশ প্রতিদিন/কেএইচ