প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ১১:৫৯ AM

ঈদের ১০ দিন পর সোমবারেও (১৬ জুন) ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। তবে যমুনা সেতু- টাঙ্গাইল -ঢাকা মহাসড়কে কোন যানজট নেই। যানজটের ধকল কাটিয়ে ছুটে চলছে ঢাকামুখী বিভিন্ন গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন। আজ কোথাও যানজটের সৃষ্টি হয়নি। গত দুদিন যমুনা সেতুর দুই পাশেই যানজট ও ধীরগতির কারণে ভোগান্তিতে পোহাতে হয়েছে ঢাকামুখী মানুষদের।
যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৮ লাখ ২০ হাজার ২০০ টাকা।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শনিবার (১৪ জুন) রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৯ হাজার ১৮৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ৫১ হাজার ৭০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ২২ হাজার ৮০০টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপার হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এনআর