প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৬:২৯ পিএম

ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত চলচ্চিত্র ‘তাণ্ডব’ পাইরেসির কবলে পড়েছে। মুক্তির পাঁচ দিনের মাথায় সিনেমাটির এইচডি সংস্করণ অনলাইনে ফাঁস হয়ে যায়, যা নিয়ে চরম উদ্বেগে পড়েছেন নির্মাতা ও প্রযোজক।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানান, মুক্তির পর থেকেই ‘তাণ্ডব’-এর বিভিন্ন অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে। শেষ পর্যন্ত পুরো সিনেমাটিই অনলাইনে চলে আসে। ছবির টিম শুরু থেকেই পাইরেসি প্রতিরোধে হুঁশিয়ারি দিলেও কার্যত তা ঠেকানো যায়নি।
এই ঘটনার ফলে দর্শকদের হলে গিয়ে সিনেমা দেখার আগ্রহ কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, গত রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ ও ‘দাগি’ সিনেমাগুলোর ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় প্রযোজকেরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন।
রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ মুক্তি পেয়েছে দেশের ১৩৩টি একক প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্সে। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর। আরও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।
স্বদেশ প্রতিদিন/কেএইচ