প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৩:২৮ পিএম

গত বছরের কোটা সংস্কার আন্দোলনের সময় বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শিরিন শিলা। সেই বিতর্ক আবারও সামনে চলে এসেছে। আর তার জেরেই এবারের ঈদের বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন তিনি।
জানা গেছে, গত বছরের জুলাই মাসে ছাত্রদের আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছিলেন শিরিন শিলা। তিনি লিখেছিলেন, ‘কিসের এত আন্দোলন, সুখে থাকলে ভূতে কিলায়।’
এই মন্তব্য অনেকেই নেতিবাচকভাবে নেন। নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়ে ওই স্ট্যাটাসে পরে পরিবর্তন আনলেও বিতর্ক থামেনি। এমনকি তিনি তখন তার পোস্টের কমেন্ট অপশনও বন্ধ করে দিয়েছিলেন।
সম্প্রতি বিটিভির ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ‘চাওয়া পাওয়া’-তে অতিথি হিসেবে শিরিন শিলার অংশগ্রহণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। প্রশ্ন ওঠে, একজন অভিনেত্রী যিনি ন্যায্য ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছিলেন, তিনি কীভাবে রাষ্ট্রীয় টেলিভিশনে জায়গা পান?
এই সমালোচনার বিষয়টি বিটিভি কর্তৃপক্ষের নজরে আসে। এরপর অনুষ্ঠানটির গ্রন্থনার দায়িত্বে থাকা কবি আসাদ কাজল জানান, মূলত জাদুশিল্পী জুয়েল আইচ এই অনুষ্ঠানে থাকার কথা ছিল। কিন্তু তাকে না পাওয়ায় শিরিন শিলাকে নেওয়া হয়। আমরা জানতাম না যে তিনি আগে এমন বিতর্কের সঙ্গে জড়িত ছিলেন। পরে বিষয়টি জানার পর কর্তৃপক্ষ অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেয়।
তিনি আরও বলেন, ‘রেকর্ডিংয়ের সময় খুব ভালো একটি পর্ব তৈরি হয়েছিল। কিন্তু পরিস্থিতি বিবেচনায় তা আর প্রচার করা হয়নি। ভবিষ্যতে এটি নতুনভাবে করার পরিকল্পনা রয়েছে।’
শিরিন শিলা মডেলিংয়ের মাধ্যমে শোবিজে আসেন। কাজ করেছেন মিউজিক ভিডিও, নাটক ও সিনেমায়। ২০১৪ সালে ‘হিটম্যান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। তবে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন ও নানা মন্তব্যের কারণে তিনি বেশি আলোচিত।
স্বদেশ প্রতিদিন/এমএম