প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ১২:০৭ পিএম

ইরানে ইসরায়েলি হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে চালানো হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে দেওয়া বক্তব্যে চীনের জাতিসংঘ দূত ফু কং বলেন, ‘ইরানে হামলা চালিয়ে ইসরায়েল ‘আরেকটি রেড লাইন’ অতিক্রম করেছে।’ খবর বিবিসির।
স্থানীয় সময় শুক্রবার অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ওই বৈঠকে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অভ্যন্তরীণ অখণ্ডতা লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানায় বেইজিং। চীনা দূত বলেন, ‘আমরা বিশেষভাবে উদ্বিগ্ন, কারণ ইসরায়েল পারমাণবিক স্থাপনাগুলোতেও হামলা চালাচ্ছে। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে চীন সর্বদা বিরোধিতা করে আসছে। ইসরায়েলের কর্মকাণ্ডের পরিণতি আমাদের গভীরভাবে ভাবাচ্ছে।’
ফু কং বলেন, ‘ইরানের পারমাণবিক আলোচনায় বর্তমান পরিস্থিতির নেতিবাচক প্রভাব সম্পর্কে বেইজিং ‘গভীরভাবে উদ্বিগ্ন’। উত্তেজনা এড়াতে তিনি ইসরায়েলকে অবিলম্বে সব সামরিক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানান।’
তিনি আরও বলেন, ‘পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরানের পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারকে সম্পূর্ণরূপে সম্মান করা উচিত।’
চীন ইরানের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার, বিশেষ করে জ্বালানি ও অবকাঠামো খাতে। গত মার্চে বেইজিংয়ে চীন, ইরান ও রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রসঙ্গে আলোচনা হয়। সেখানে চীন ও রাশিয়া উভয় দেশই ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছিল।
সূত্র: বিবিসি
স্বদেশ প্রতিদিন/এমএম