প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ১০:৫৩ AM আপডেট: ১৪.০৬.২০২৫ ১১:০৯ এএম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে ইরানের লাগাতার মিসাইল হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের রাজধানী তেলআবিব। শুক্রবার রাতে এবং শনিবার মধ্যরাতে ধারাবাহিকভাবে ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে ইরানি মিসাইল।
টাইমস অব ইসরায়েল ও হারেৎজ জানিয়েছে, হামলায় একজন নারী নিহত হয়েছেন এবং অন্তত ৬২ জন আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার দিবাগত রাত ১টা ১৪ মিনিটের দিকে তেলআবিবের মারগানিত টাওয়ার এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ঘটে। ওই এলাকা ইসরায়েলি সামরিক বাহিনীর সদরদপ্তর কিরিয়া'র পাশে হওয়ায় হামলাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
নিউইয়র্ক টাইমসের ভিজ্যুয়াল ইনভেস্টিগেশন ইউনিট নিশ্চিত করেছে, হামলায় আঘাতপ্রাপ্ত এলাকাগুলোর মধ্যে একাধিক সামরিক স্থাপনাও রয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, ইরান “কয়েক ডজন মিসাইল” ছুড়েছে। তারা হামলার প্রকৃত সংখ্যা প্রকাশ না করলেও হতাহতের কথা স্বীকার করেছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলার আগে ইসরায়েলি নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে কিছুটা শিথিলতা এনে জানানো হয়—জনগণ চাইলে বাইরে যেতে পারবে, তবে সতর্কতামূলক নির্দেশনা মেনে চলতে হবে।
বিশ্লেষকদের মতে, ইরান এই হামলার মাধ্যমে শুক্রবারের ইসরায়েলি অভিযানের জবাব দিয়েছে। ওই অভিযানে ইরানের একাধিক সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হয়েছিলেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।
বিবিসি বলছে, দুই দেশের এই পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। আন্তর্জাতিক মহল এখনই এ উত্তেজনা নিয়ন্ত্রণে না আনলে অঞ্চলটি দীর্ঘমেয়াদি যুদ্ধের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে।
ইসরায়েল-ইরান উত্তেজনা নতুন এক মোড় নিয়েছে। সামরিক স্থাপনায় সরাসরি হামলা ও বেসামরিক এলাকায় হতাহতের ঘটনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
স্বদেশ প্রতিদিন/এমএম