প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৭:০৫ পিএম

করোনাভাইরাস সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। এমন সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবের সব যন্ত্রাংশ চুরির ঘটনা জনমনে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে। জেলায় করোনার প্রাথমিক শনাক্তের একমাত্র এই ল্যাবটিই ছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক মাস আগে কর্তৃপক্ষ ল্যাবের যন্ত্রপাতি চুরির বিষয়টি জানতে পারে। যদিও ধারণা করা হচ্ছে, গত চার মাস ধরে ধাপে ধাপে এসব যন্ত্র চুরি হয়েছে। ল্যাবটি ২০২০ সালের ১৬ এপ্রিল চালু হয়েছিল এবং সংক্রমণ কমে যাওয়ার পর এক বছর আগে বন্ধ হয়ে যায়। এরপর ল্যাবের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল হাসপাতালের দুই কর্মচারীকে। তাদের অবহেলাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, “এটা একদিনে হয়নি। চুরি দীর্ঘদিন ধরে হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে।”
চুরির ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে করোনা সংক্রমণ ফের আশঙ্কাজনকভাবে বাড়তে শুরু করেছে। গত সপ্তাহে রাজধানী ঢাকা থেকে আসা দুজন কোভিড পজিটিভ রোগী কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। কিন্তু চিকিৎসকের পরামর্শে ভর্তি না হয়ে চলে যান তারা।
হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মাহফুজুর রহমান জানান, “পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে থাকলেও অবহেলা করলে পরিস্থিতি খারাপ হতে পারে। কোভিডের উপসর্গ থাকলে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।”
এদিকে জেলায় জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। প্রস্তুতি হিসেবে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ থেকে কুষ্টিয়ায় করোনায় মারা গেছেন ৮৫৫ জন। আক্রান্ত হয়েছেন প্রায় চার হাজার মানুষ। ২০২১ সালের জুলাইয়ে এক মাসেই মারা যান ৩৪২ জন।
স্বদেশ প্রতিদিন/কেএইচ