প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ১১:০৮ AM

গত ৫ জুন থেকে ১২ জুন পর্যন্ত সারা দেশে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ২৭১ জনকে আটক করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিট এবং পুলিশের সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আটকদের মধ্যে রয়েছেন চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত অপরাধী ও চোরাকারবারি।
এই অভিযানে উদ্ধার করা হয়েছে ১৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৯১টি গুলি, ১৮ রাউন্ড শর্টগান কার্তুজ, ২১ রাউন্ড খালি কার্তুজ, ৩৮টি ককটেল বোমা, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, মোটরসাইকেল, মোবাইল ফোন এবং নগদ অর্থ।
আইএসপিআর জানিয়েছে, সন্ত্রাস ও অপরাধ দমনে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে।
স্বদেশ প্রতিদিন/এমএম