প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ১০:৫৭ পিএম

যতোদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশে গণতন্ত্রের ইতিহাস থাকবে ততোদিন শহীদ ওয়াসিমের নাম অমর হয়ে থাকবে, স্বরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার বিকেলে পেকুয়া উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন ও শহীদ ওয়াসিমের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, শহীদ ওয়াসিম ছাত্রদলের একজন সক্রিয় নেতা ছিলেন। ওয়াসিম ছাত্রদল বেছে নেয়ার কারণ হলো এদেশের গণতন্ত্রের ঠিকানাই হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
বিকেলে পেকুয়া উপজেলা বিএনপির নবনির্মিত উপজেলা কার্যালয় তিনি আনুষ্ঠানিক ফিতা কেটে উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সেখানে তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় গণতন্ত্র হত্যা করেছে, একনায়কতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে। আর বিএনপি এদেশে প্রতিবারই গণতন্ত্র রক্ষার সংগ্রাম করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।
এসময় উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইকবাল হোছাইনের সঞ্চালনায় এতে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আরা স্বপ্না, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুসলেম উদ্দীন, ডাক্তার বেলাল হায়দার ও উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদীদ মুকুট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহছান উল্লাহসহ পেকুয়া উপজেলা বিএনপি ও সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এনআর