প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ৮:০১ AM

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন গরুর বাজারে শুক্রবার (৬ জুন) বিকেলে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। সেখানে মোহাম্মদ হোসেন (৪০) নামের এক ব্যক্তি প্রকাশ্যে তার শ্বশুর ওসমান গণি ওরফে বাচা মিয়াকে (৬০) কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে ।
নিহত বাচা মিয়া রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের রাজাপাড়া গ্রামের বাসিন্দা। ঈদুল আজহা উপলক্ষে তিনি নিজের তিনটি গরু বিক্রির জন্য বাজারে নিয়ে এসেছিলেন। দুটি গরু বিক্রি করার পর, তৃতীয়টি বিক্রির অপেক্ষায় ছিলেন। এই সময় তার জামাতা মোহাম্মদ হোসেন ধারালো অস্ত্র নিয়ে এসে তাকে একাধিকবার কুপিয়ে হত্যা করেন ।
নিহতের মেয়ে রিনা আক্তার জানান, ২০১৯ সালে তার বিয়ে হয় মোহাম্মদ হোসেনের সঙ্গে। বিয়ের পর থেকে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। নির্যাতন সহ্য করতে না পেরে গত বছরের ২০ সেপ্টেম্বর বাবার বাড়িতে চলে আসেন। এরপর গার্মেন্টসে চাকরি নিয়ে জীবিকা নির্বাহ শুরু করেন। ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে তিনি জানতে পারেন, তার স্বামী তার বাবাকে হত্যা করেছে ।
রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কবির মৃধা জানান, অভিযুক্ত মোহাম্মদ হোসেনকে আটক করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি পারিবারিক বিরোধের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এই নির্মম হত্যাকাণ্ডে এলাকাবাসী ও নিহতের পরিবার শোকাহত। নিহতের মেয়ে রিনা আক্তার তার বাবার হত্যার বিচার দাবি করেছেন এবং সন্তানকে ফিরে পেতে আবেদন জানিয়েছেন ।
স্বদেশ প্রতিদিন/এনআর