প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ১২:০৮ AM

টাঙ্গাইলের মির্জাপুরে ফ্যামিলি ফেয়ার সুপারশপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ জুন) দুপুর ২টার দিকে মির্জাপুর বাজারের আলিম সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত এই সুপারশপে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে সুপারশপের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়, যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছেন মালিক আনোয়ার হোসেন।
সুপারশপের অংশীদার সাজ্জাদ হোসেন জানান, জুমার নামাজের সময় দোকান বন্ধ করে সবাই নামাজ পড়তে যান। নামাজ শেষে ফিরে এসে দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন। তিনি ধারণা করেন, এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার বেলায়েত হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে টাঙ্গাইল সদর, দেলদুয়ার, মির্জাপুর ও কালিয়াকৈর থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলামসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/এনআর