প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ১২:৪১ পিএম আপডেট: ০৪.০৬.২০২৫ ১:০১ PM

সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা ও ১৭৩ টি গরু জব্দ
ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
বুধবার (৪ জুন) চালানো এ অভিযানে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও টি-শার্টসহ নানা পণ্য জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ১৮ লাখ ৪ হাজার টাকা।
৪-বিজিবি সূত্র জানিয়েছে, জব্দ করা পণ্যগুলো স্থানীয় কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে চোরাচালান রোধে বিজিবি আগেই তৎপরতা বাড়িয়েছে। এর অংশ হিসেবে এপ্রিল মাস থেকে ৪ জুন পর্যন্ত পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে মোট ১৭৩টি ভারতীয় গরু আটক করা হয়। এসব গরুর বাজারমূল্য প্রায় ১ কোটি ৭ লাখ ৬০ হাজার টাকা।
ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে ৪ বিজিবি সদা তৎপর রয়েছে। নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কড়া নজরদারি চলছে, বিশেষ করে ঈদকে ঘিরে সীমান্ত এলাকায় যেন কোনোভাবেই অবৈধভাবে পণ্য বা গবাদিপশু প্রবেশ করতে না পারে, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম