প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ১১:৫৫ AM

সংগৃহীত ছবি
এক সময় মৃত্যুদণ্ডে দণ্ডিত ছিলেন। সেই রায় বাতিল হওয়ায় মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম। মুক্তির পর এবার তিনি দলীয় রাজনীতিতে বড় পদে আসতে চলেছেন বলে গুঞ্জন উঠেছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য হিসেবে তিনি এরই মধ্যে দলের মগবাজার কার্যালয়ে সক্রিয়ভাবে উপস্থিত হচ্ছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পর তাকে নায়েবে আমির (উপ-প্রধান) পদে নিয়োগ দেওয়া হতে পারে। যদিও এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি, তবে দলের ভেতরেই এ বিষয়ে ব্যাপক আলোচনা চলছে।
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, “তিনি (এটিএম আজহারুল) এখনো মজলিশে শূরার সদস্য হিসেবে আছেন। নতুন কোনো পদ নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। নীতিনির্ধারকদের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত হবে।”
দলীয় একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আজহারুল ইসলামকে বড় পদে আনার পেছনে তার অতীত ভূমিকা ও ‘ত্যাগ’ বড় ভূমিকা রাখছে। তিনি দলের জন্য দীর্ঘদিন কাজ করেছেন এবং কারাবন্দি থাকা অবস্থাতেও দলীয় ফোরামের সঙ্গে যুক্ত ছিলেন।
এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাওয়ার পর রংপুর-২ আসনে আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেয়। পরে সর্বোচ্চ আদালত সেই রায় বাতিল করে তাকে খালাস দেন। চলতি বছর ২৮ মে তিনি মুক্তি পান।
এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে একাত্তরে রংপুর অঞ্চলে গণহত্যা, ধর্ষণ, নির্যাতনসহ মানবতাবিরোধী ছয়টি অপরাধের অভিযোগ আনা হয়েছিল।
দলের গঠনতন্ত্র অনুযায়ী, বর্তমান আমির ডা. শফিকুর রহমানের মেয়াদ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রয়েছে। তাই ওই মেয়াদে আমির হওয়ার কোনো সুযোগ না থাকলেও ভবিষ্যতের নেতৃত্বে আসার সম্ভাবনা তৈরি হয়েছে আজহারুল ইসলামের জন্য।
সূত্র: যুগান্তর
স্বদেশ প্রতিদিন/এনআর