প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৪:৪০ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন ২৮টি রাজনৈতিক দলের নেতারা
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বিতীয় দফার সংলাপে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আজ সোমবার (২ জুন) দুপুরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে উপস্থিত হন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আয়োজিত এই বৈঠকে যোগ দেন অন্তত ২৮টি দলের প্রতিনিধি।
বিকেল ৩ টা ৩০ মিনিট থেকে রাজনৈতিক নেতারা একাডেমিতে আসতে শুরু করেন। বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠকে যোগ দেন।
এছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম ও আখতার হোসেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ এলডিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও অন্যান্য দলের নেতারাও বৈঠকে উপস্থিত হন।
আজকের বৈঠনে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। এরপর আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে আনুষ্ঠানিক আলোচনা পর্ব, যেখানে প্রতিটি দলকে নির্ধারিত বিষয়ের ওপর মতামত দেওয়ার সুযোগ দেওয়া হবে।
কমিশন সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফার এই সংলাপ হবে বিষয়ভিত্তিক। যেসব সাংবিধানিক ও রাজনৈতিক ইস্যুতে এখনও ঐকমত্য হয়নি, সেগুলোতে সুনির্দিষ্ট আলোচনা হবে। এর আগে প্রথম দফার সংলাপে ৩৩টি দল ও জোটের সঙ্গে ৪৫টি বৈঠক করে কমিশন।
কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে এখনো পূর্ণ ঐকমত্য প্রতিষ্ঠা সম্ভব না হলেও, বেশ কয়েকটি বিষয়ে ইতিবাচক অগ্রগতি ও আংশিক ঐকমত্য পাওয়া গেছে।’
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় এই উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম