প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৩:৪১ পিএম আপডেট: ০২.০৬.২০২৫ ৬:৩৮ PM

ঢাকায় পা রেখেছেন ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী
বাংলাদেশের জার্সি গায়ে প্রথমবারের মতো ঘরের মাঠে খেলতে ঢাকায় পা রেখেছেন ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী। এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে আজ তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
আজ সোমবার (২ জুন) বিমানবন্দর আবতরনের পর সরাসরি টিম হোটেলে উঠেন বাংলাদেশের অন্যতম তারকা এই ফুটবলার।
এইতো সেদিন এসেছিলেন হামজা। কিন্তু রেশ রেখে গেছেন অনেকটা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার স্বপ্ন দেখেছেন, কোটি ভক্তকে দেখিয়েছেন, বাংলাদেশ দলের হয়ে খেলেছেন এবং অল্পতেই রেখে গেছেন বড় ছাপ।
ভারতের শিলংয়ে গত মার্চে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে স্বাগতিক দেশটির বিপক্ষে খেলেছিলেন হামজা। অভিষেক ম্যাচেই দেখিয়েছিলেন দাপট। এরপর আজ আবার ফিরলেন। তবে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে নাকি সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলবেন, তা নিশ্চিত নয় এখনও।
তারকাদের নিয়েই বাংলাদেশ দল ঘোষণা করেছে বাফুফে। ২৬ সদস্যের প্রাথমিক দল ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। পরে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন গুরুত্বপূর্ণ ম্যাচ। দুটি ম্যাচই হবে ঢাকা স্টেডিয়ামে। এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে চার দলের পয়েন্টই সমান ১ করে। ভারত-বাংলাদেশ এবং সিঙ্গাপুর-হংকং দুটি ম্যাচই হয়েছিল গোলশূন্য ড্র।
এছাড়াও, জাতীয়দলে যোগ দিয়েছেন আরও দুই প্রবাসী খেলোয়াড়। এরমধ্যে ফাহমেদুল ইসলাম চলে এসেছেন এবং বুধবার আসছেন কানাডাপ্রবাসী শমিত সোমও। কিউবা মিচেলও পেয়ে গেছেন বাংলাদেশি পাসপোর্ট বলে জানা যায়।