প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ১:৪৮ পিএম

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের পেছনে থাকা তিনজন মূল ব্যক্তির নাম প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এই দলের মাস্টারমাইন্ড হলেন নাহিদ ইসলাম, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।
রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, এনসিপি কোনো স্বাভাবিক রাজনৈতিক দল নয়, বরং এটি সরকারের আশীর্বাদপুষ্ট একটি দল। তিনি জানান, নাহিদ ইসলাম যখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন, তখনই এই দলের কার্যক্রম শুরু হয়। সেই সময় থেকেই নাহিদ, মাহফুজ এবং আসিফ তিনজন মিলে এনসিপির পরিকল্পনা ও বাস্তবায়নে সক্রিয় ছিলেন। যদিও আরও কিছু ব্যক্তি এ প্রক্রিয়ায় সম্পৃক্ত ছিলেন, তবে এই তিনজনই মূল উদ্যোক্তা বলে দাবি করেন তিনি।
তিনি জানান, রাজধানীর মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের বাসায় এনসিপি গঠনের বিষয়ে বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন পক্ষকে এই দলে যুক্ত করার জন্য আহ্বান জানানো হয়। তিনি দাবি করেন, গণঅধিকার পরিষদের কিছু নেতাকে প্রলোভন দেখিয়ে দলে ভেড়ানোরও চেষ্টা চালানো হয়েছে।
রাশেদ খাঁন বলেন, নাহিদ ইসলাম সম্প্রতি একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ এনসিপির সঙ্গে সম্পৃক্ত নন—এই বক্তব্যকে তিনি ‘মিথ্যা’ আখ্যা দিয়েছেন। রাশেদ বলেন, “বিষয়টি আমার খুব খারাপ লেগেছে। আমরা নাহিদ ইসলামকে গণঅভ্যুত্থানের নায়ক হিসেবে শ্রদ্ধা করি। তিনি অনেক সংগ্রাম করেছেন। কিন্তু কীভাবে তিনি প্রকাশ্যে মিথ্যা কথা বললেন?”
তার দাবি অনুযায়ী, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এখনো এনসিপির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং তারা সরকারের প্রতিনিধিত্ব করছেন দলটির হয়ে। রাশেদ বলেন, “যতক্ষণ পর্যন্ত তারা দল গঠন করেননি, তারা গণঅভ্যুত্থানের ছাত্র-জনতার প্রতিনিধি ছিলেন। কিন্তু দল গঠনের পর তারা সেই অবস্থান থেকে সরে গেছেন।”
স্বদেশ প্রতিদিন/এনআর