হাত দিয়ে গোলের চেষ্টা নেইমারের, অতঃপর...
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ১০:২৫ AM আপডেট: ০২.০৬.২০২৫ ১০:২৭ এএম

চোটে জর্জরিত সময় পার করা নেইমারের মাঠে প্রত্যাবর্তন সান্তোসের হয়ে শেষ ম্যাচটাই হয়তো হয়ে থাকল বিতর্কে রঙিন। রবিবার বোটাফোগোর বিপক্ষে ম্যাচে গোল করতে গিয়ে হাত ব্যবহার করে রেফারির চোখে ধরা পড়েন তিনি। ফলাফল—দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান সুপারস্টারকে। তার সেই বিদায়ের পর পরাজয়ের হতাশা বরণ করে নেয় সান্তোস, ম্যাচ হারে ১-০ গোলে।
বোটাফোগোর মাঠে শুরু থেকেই নেইমারকে ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। গ্যালারি থেকে আসছিল একের পর এক দুয়ো। উত্তরে তিনি জানান, ‘আমি একটা গোল করব, তারপর ওদের সামনে যাব।’ কিন্তু বাস্তবতা হলো, সে গোলও এল না, বরং এল লজ্জার এক লাল কার্ড।
প্রথমার্ধেই সাবেক সতীর্থ জাইরকে ফাউল করে হলুদ কার্ড পান নেইমার। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৬তম মিনিটে বিতর্কিত মুহূর্তটি ঘটে। বল জালে পাঠান তিনি—তবে পা বা মাথা দিয়ে নয়, বরং হাত দিয়ে। ভিএআরে তা স্পষ্ট ধরা পড়ে। রেফারি গোল বাতিল করার পাশাপাশি দ্বিতীয় হলুদ কার্ড দেখান তাকে। ক্যারিয়ারে নেইমারের এটি ১৬তম লাল কার্ড, আর সান্তোসের হয়ে পঞ্চম।
নেইমারের সেই ভুল মুহূর্তই সান্তোসের জন্য কাল হয়ে দাঁড়ায়। অতিরিক্ত একজন কম নিয়ে খেলা দলটি ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আর্থুরের ক্রস থেকে গোল হজম করে পরাজয় বরণ করে।
খেলার পর নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত নেইমার মুখ খুলেছেন সামাজিক মাধ্যমে। বলেন, “গোলের জন্য অতিরিক্ত মরিয়া হয়ে গেলে এমন ভুল হতেই পারে। আমি আমার সতীর্থদের কাছে, ক্লাবের কাছে ও সমর্থকদের কাছে দুঃখিত। আমি ভুল করেছি, দয়া করে ক্ষমা করে দিন।”
তিনি আরও যোগ করেন, “যদি আমি লাল কার্ড না পেতাম, আমি নিশ্চিত আমরা ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তাম। এই হার একান্তই আমার দায়।”
এদিকে, নেইমারের সঙ্গে সান্তোসের চুক্তি শেষ হচ্ছে আগামী ৩০ জুন। সামনে রয়েছে আন্তর্জাতিক বিরতি ও ক্লাব বিশ্বকাপ। তাই অনেকেই ধারণা করছেন, সান্তোসের জার্সিতে এটাই হতে পারে নেইমারের শেষ ম্যাচ। আর সেই শেষ অধ্যায় লিখল হতাশা, বিতর্ক ও অনুশোচনার এক চিত্রনাট্য।
স্বদেশ প্রতিদিন/এনআর