প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৯:৩৪ পিএম

বাংলাদেশ চলচ্চিত্রের একজন দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এক দশকের বেশি সময়ে তিনি অভিনয় করেছেন প্রায় ১০০টি সিনেমায়। চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রে মডেলও হয়েছেন তিনি। সেই সাথে মনোনিবেশ করেছেন প্রযোজনা এবং ব্যবসাতে।
সিনেমা জগতের দর্শকপ্রিয় জুটি হিসেবে খ্যাতি রয়েছে তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের। এই দুই তারকা জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপার হিট সিনেমা। সেই জুটি বেঁধে অভিনয় করতে গিয়েই প্রেম দুজনের। এরপর ২০০৮ সালে আবদ্ধ হন বিবাহ বন্ধনে।
তবে দুইজনেই গোপন রেখেছিলেন এই বিয়ের কথা। বিয়ের প্রায় এক দশক পর তারকা জুটির বিয়ের খবর জানান অপু। ২০১৭ সালের ১০ এপ্রিল সন্তান জয়কে নিয়ে একটি টিভি চ্যানেলের লাইভে এসে এসব তথ্য জানিয়েছিলেন অপু।
বিয়ের পর সংবাদ প্রকাশিত হয়েছিল সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এবার জানা গেলে এই অভিনেত্রী হিন্দু ধর্মেই আছেন।
নিজের ক্যারিয়ার এবং সন্তানের জন্য ক্যামেরার সামনে মিথ্যা বলেছিলেন তিনি। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান অভিনেত্রী।
অপু বিশ্বাস বলেন, সত্যি বলতে বিয়ের পরও পুরনো ধর্মই ছিল আমার। ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি। প্রথম দিকে নিজের ক্যারিয়ার জন্য মিথ্যা বলেছিলাম। তাছাড়া সে সময় শাকিব আমার স্বামী ছিল। তাকে সাপোর্ট করাটাও আমার দায়িত্ব ছিল। অনেক প্রোগ্রামে বা শুটিংয়ে আমরা একজন অন্যজনকে প্রশ্ন করতাম কবে বিয়ে করছ। সেও আমাকে উল্টো প্রশ্ন করত আমার বিয়ে নিয়ে। এদিকে দেখা যাত অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফিরে রান্না করে খাচ্ছি আমরা।
এখানেই শেষ নয় তিনি আরো বলেন, আমার ছেলেকে নিয়ে লাইভে আসার পর সবাই জানতে পারে আমি বিবাহিত। সবার ধারণা ছিল একজন মুসলিম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করায় হইতো আমিও মুসলমান হয়েছি। কিন্তু আমি বিয়ের পরও হিন্দু ছিলাম। কারণ ধর্মান্তরিত হওয়ার প্রক্রিয়াধীন কাজগুলো তারা (শাকিবের পরিবার) একটাও করেনি। বিয়ের সময় মুসলিম ধর্মে এসে এখন হিন্দু ধর্মে ফিরে গিয়েছি বিষয়টা তা নয়।
ধর্ম নিয়ে দর্শকদের মিথ্যা বলেছেন গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, আমার সরল উত্তর, নিজের ছেলের জন্য মিথ্যা বলেছি। যেহেতু সেই সময় আমার বাচ্চা হয়ে গিয়েছে এবং যাকে বিয়ে করেছি সে মুসলিম, সেই জায়গায় থেকে ভেবেছি সংসার ঠিকঠাক থাকুক। যেমনটা করেছিলাম বিয়েকে আড়াল করতে। কিন্তু সময়ের সাথে সাথে প্রকাশ করেছি বিয়ের কথাও।
সবশেষে অভিনেত্রী আরো বলেন, বেলাশেষে আমি ভুলে গিয়েছিলাম আমি মৃত্যু হলে আমার কাছের যে ভাই-বন্ধুরা, অনুরাগী বা দর্শকরা আছেন তারা আমাকে কী করবে? মাটি দিবে নাকি আগুনে পুড়াবে? মানুষ তখন দ্বিধায় পড়ে যাবে। শাকিব খানের সাথে আমার সম্পর্ক নেই। তাই সত্য তো বলতে হবে।
স্বদেশ প্রতিদিন/আইজেপি