প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৫:৪৩ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে পণ্যবাহী ট্রাক আটকে চাঁদাবাজির সময় এনসিপির এক নেতা তারিকুল ইসলামকে (৪০) আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৯ মে) রাতে ফুলবাড়ী-মিঠাপুকুর সড়কে উপজেলার রসুলপুর থেকে আটক করা হয় তাকে। আসামি তারিকুল এনসিপির পার্বতীপুরের সংগঠক।
এ বিষয়ে জানা গিয়েছে, কিছুদিন আগে বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল (স্ক্র্যাব) টেন্ডারের মাধ্যমে পায় সেনাকল্যাণ সংস্থা। বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যার পর টেন্ডারের মালামাল নিয়ে দুইটি ট্রাক গন্তব্যের উদ্দেশ্যে বের হয় বড়পুকুরিয়া কয়লাখনি থেকে। রাত পৌনে ৮টায় ট্রাকটি কয়লাখনি-মধ্যপাড়া সড়করের রসুলপুরে পৌঁছালে সেখানে পথরোধ করে চাঁদা দাবি করেন তারিকুল ও তার অনুসারীরা।
পরে খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যায় এবং তাকে আটক করে। এ সময় সেখান থেকে পালিয়ে যায় তার সঙ্গীরা। পরবর্তীতে সেনাবাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর একটি দল তাকে সোপর্দ করে পার্বতীপুর মডেল থানায়।
এ ঘটনায় বড়পুকুরিয়া কয়লাখনিতে অবস্থানকৃত সেনাকল্যান সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আরিফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন মডেল থানায়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
স্বদেশ প্রতিদিন/আইজেপি