প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৫:৩৬ পিএম

রাজবাড়ীর কালুখালীতে ট্রাকচাপায় বারেক মণ্ডল (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ মে) দুপুরে উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের ওপর রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বারেক মণ্ডল রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের মৃত তোরাপ মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, বারেক মণ্ডল মোহনপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে রাজবাড়ী যাচ্ছিলেন। চাঁদপুর ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। তিনি সড়কে পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ট্রাক ও চালক পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান চলছে। মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম