প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ১০:১৫ AM আপডেট: ৩০.০৫.২০২৫ ১০:২৪ এএম

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ফেনীতে গত ২৪ ঘণ্টায় ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে এক দিনের মধ্যে সর্বোচ্চ।
শুক্রবার (৩০ মে) সকালে ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত মোট ১৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামীকাল পর্যন্ত জেলাজুড়ে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
এদিকে ভারী বৃষ্টিপাত ও নিম্নচাপে অস্বাভাবিক জোয়ার এবং তীব্র স্রোতের কারণে গতকাল জেলার উপকূলীয় উপজেলা সোনাগাজীর চার ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছিল, তবে পানি আবার নেমে গেছে। বৃষ্টি বাড়লে ভারতের উজানের পানিতে মুহুরি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, ‘ভারতের উজানে বৃষ্টিপাত বাড়লে বাংলাদেশের অংশে নদীর পানি বাড়বে। এখনো মুহুরি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার আশঙ্কায় আমাদের সবধরনের প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে জেলার পরশুরাম উপজেলায় ২১টি ও ফুলগাজীতে ২০টি ঝুঁকিপূর্ণ বাঁধের বিষয়ে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, গত বছরের জুলাই-আগস্ট মাসে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল ফেনী। স্মরণকালের সেই বন্যায় প্রাণ হারান ২৯ জন, পানিবন্দি হয়ে পড়েন ১০ লাখের বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয় যোগাযোগ, শিক্ষা, ব্যবসা ও কৃষি খাতসহ জেলার প্রায় সবকটি সেক্টর। ক্ষতি হয়েছিল কোটি টাকার সম্পদ।
স্বদেশ প্রতিদিন/এমএম