প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৪:৫৫ পিএম আপডেট: ২৮.০৫.২০২৫ ৫:৫৩ PM

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ার নতুন চরচাষী গ্রামে বিএনপি সমর্থকদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে।
বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা যায়, প্রবাস ফেরত বিএনপি সমর্থক আব্দুল, মহসিন ও সেলিমের বাড়িতে একদল হামলাকারী প্রবেশ করে। তারা জানালার কাঁচ ভাঙচুর করে পাঁচটি কক্ষে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
ভুক্তভোগীদের অভিযোগ, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জাগন আলীর নেতৃত্বে শাহ আলী, হাসান মিয়াসহ ৩০ থেকে ৪০ জন এই হামলায় অংশ নেন। পরিবারটির দাবি, তিন ভাই ঢাকায় বিএনপির একটি সমাবেশে অংশ নিতে গেলে এই সুযোগে প্রতিপক্ষরা হামলা চালায়।
ঘটনার পরপরই গজারিয়া থানার উপ-পরিদর্শক মো. ফরিদউদ্দীন জানান, মঙ্গলবার রাতে দুই পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছিল। বুধবার সকালে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে গজারিয়া থানার এসআই আব্দুল কাদের বলেন, ‘ভাঙচুরের ঘটনা সত্য, তবে দুই পক্ষের বক্তব্য পরস্পরবিরোধী।’
অন্যদিকে অভিযুক্ত জাগন আলী দাবি করেন, ‘পূর্ব বিরোধের জের ধরে তাদের আসবাব তারা নিজেরাই ভেঙে আমাদের ফাঁসাতে চাইছে। আমি নিজে বিএনপির সমর্থক হলেও পরিবারের অন্যান্য সদস্যরা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত।’
গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, ‘তদন্ত চলছে। প্রমাণ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম