প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৩:৩৪ পিএম

নোয়াখালীর হাতিয়া উপজেলার সঙ্গে জেলা সদরসহ সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ আদেশ জারি থাকবে।
বুধবার (২৮ মে) সকাল ১০টা থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপজেলা প্রশাসনের নির্দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও গভীর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
স্থানীয়রা জানান, সকাল থেকে আকাশ মেঘলা থাকায় হাতিয়ার কিছু কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। সাগর উত্তাল থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। নলচিরা ঘাটে দায়িত্ব পালন করতে দেখা যায় নৌ-পুলিশের সদস্যদের।
বিষয়টি নিশ্চিত করে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, ৩ নম্বর সতর্ক সংকেত বিরাজ করায় বুধবার সকাল ১০ টা থেকে হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। ঘাটে ছোট নৌযানগুলোকে নিরাপদে সরিয়ে নিতে মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম