প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৯:৩৭ পিএম

গুলিবিদ্ধ
খুলনায় দিনে-দুপুরে দুর্বৃত্তের ছোড়া গুলিতে ট্যাংকলরি মালিক সমিতির সাবেক মহাসচিব ফরহাদ হোসেনসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।
আজ মঙ্গলবার (২৭ মে) বিকাল ৩ টার দিকে মহানগরের খালিশপুর যমুনা রোডের মালা গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ বিকাল ৩টার দিকে জ্বালানী তেল ডিপো যমুনার দিক থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন ফরহাদসহ তার সঙ্গীরা। এ সময়ে কয়েকটি ব্যারেল নিয়ে ছোট একটি পিকআপ তাদের গতিরোধ করে। পিকআপের সামনে বসে থাকা একজন শর্টগান বের করে তাদের লক্ষ্য করে গুলি করতে গেলে বিষয়টি ড্রাইভার মো. মনিরুল টের পেয়ে গাড়িটি ব্যাক গিয়ারে দিয়ে পেছনের দিকে যেতে থাকে।
এ সময়ে মোটরসাইকেলে থাকা অন্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে এক কিলোমিটার ধাওয়া করে। পরবর্তীতে ড্রাইভার মেঘনা হয়ে ফরহাদ হোসেনের বাড়িতে নিয়ে যায়। শর্টগানের গুলির ছররা ফরহাদ হোসেনের বাম কানের নতি এবং মাথার ডান পাশের চামড়া ছুয়ে যায়। ঘটনাক্রমে তিনি বেঁচে যান। এ ঘটনায় ফরহাদ হোসেনের ড্রাইভার মো. মনিরুল ইসলামের বাম হাতে এবং তার ম্যানেজার মো. সোহেলের পিঠে শটগানের ছররা লাগে।
স্থানীয়রা আরো জানান, তাদের সকলের মুখে মাস্ক পরা ছিল। ৩ টি মোটরসাইকেল নিয়ে ৬ জন যুবক তাদের গুলি করতে করতে পেছনের দিকে নিয়ে যায়।
বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ফরহাদ উত্তর কাশিপুর এলাকার বাসিন্দা আকমান শেখের ছেলে। এছাড়া গুলিবিদ্ধ অন্য আহতরা হলেন, ফরহাদ হোসেনের ড্রাইভার মো. মনিরুল ইসলাম এবং তার ম্যানেজার সোহেল।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, স্থানীয়দের সূত্রে জানা যায় হামলাকারীদের মুখে মাস্ক ছিল। তারা একাধিক রাউন্ড গুলি চালায়। আহতদের বুক, পিঠ ও ঘাড়ে গুলির আঘাতের চিহ্ন পাওয়া যায়। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্বদেশ প্রতিদিন/আইএমএস