প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৫:০৪ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব (সাময়িক অব্যাহতিপ্রাপ্ত) গাজী সালাউদ্দিন তানভীর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব (সাময়িক অব্যাহতিপ্রাপ্ত) গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গিয়েছে। তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান তানভীরের দেশত্যাগ নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের আবেদন করেন।
আবেদনে বলা হয়, সালাউদ্দিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
এছাড়াও, দুদকের বিশ্বস্ত সূত্রে জানা যায়, অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র ব্লক করা একান্ত প্রয়োজন।
স্বদেশ প্রতিদিন/আইএমএস