প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ১০:০৯ পিএম

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ফরিদপুরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘বাদশা’ নামের একটি গরু। ফরিদপুর শহরতলীর বিল মাহমুদপুর এলাকার একটি ডেইরি ফার্মে লালন-পালন করা গরুটি দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক জনতা ও সম্ভাব্য ক্রেতারা। গরুটির দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা।
গরুর মালিক রফিকুল ইসলাম জানান, ‘বাদশা’র ওজন প্রায় ৩০ মণ (১২০০ কেজি) এবং বয়স সাড়ে তিন বছর। ফার্মে আদর-যত্নে বড় হওয়া বাদশার খাবারের তালিকায় রয়েছে আপেল, আঙুরসহ নানা দামি ফলমূল ও পুষ্টিকর খাদ্য। তিনি বলেন, "প্রতিদিন গরুটি দেখতে ভিড় করেন আশপাশের এলাকার মানুষ। অনেক গরু ব্যবসায়ীও এসে দাম করছেন। ন্যায্য দাম পেলে গরুটি বিক্রি করব। কয়েক দিনের মধ্যেই গরুটি ঢাকার কোরবানির হাটে পাঠানো হবে।"
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ফরিদপুর জেলায় কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে ১ লাখ ৮ হাজার ১১টি। এর বিপরীতে প্রস্তুত রয়েছে ১ লাখ ১০ হাজার ৮৯১টি পশু। ফলে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় জেলার প্রায় তিন হাজার পশু দেশের অন্যান্য হাটে সরবরাহ করা হবে।
খামারিরা জানিয়েছেন, এবার কোরবানির বাজারে গরুর ভালো দাম পাওয়ার প্রত্যাশা করছেন তারা। বিশেষ করে ‘বাদশা’র মতো উন্নত জাত ও আকর্ষণীয় গরুর ক্ষেত্রে মূল্য অনেকটাই নির্ভর করছে তার আকর্ষণ ও পরিচর্যার উপর।
স্বদেশ প্রতিদিন/এনআর