প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৯:৩১ AM আপডেট: ২৬.০৫.২০২৫ ৯:৩৪ এএম

রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন নিহত হয়েছেন।
রবিবার (২৫ মে) দিবাগত রাত ১২টার পর ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসব তথ্য নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘রাতে গুদারাঘাট এলাকায় এলোপাতাড়ি গুলিতে কামরুল আহসান সাধন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক এবং পেশায় ডিশ ব্যবসায়ী ছিলেন।’
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সোয়া ১২টার দিকে গুদারাঘাট এলাকার ৪ নম্বর রোডে, সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীত পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন সাধন। এ সময় মুখে মাস্ক পরা দুজন অস্ত্রধারী হঠাৎ এসে এলোপাতাড়ি গুলি চালায়।
গুলিতে সাধন মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা ফাঁকা গুলি করতে করতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, তার বুক, পিঠ ও ঘাড়ে গুলির চিহ্ন পাওয়া গেছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যার মোটিভ এখনো পরিষ্কার নয়। ঘটনাস্থলে গুলশান ও বাড্ডা থানার একাধিক টিম তদন্ত শুরু করেছে। হত্যার পেছনে কে বা কারা জড়িত- তা খুঁজে বের করতে কাজ চলছে।
স্বদেশ প্রতিদিন/এমএম