প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৮:৪০ পিএম

নীলফামারী জেলার ডোমার উপজেলার গোঁসাইগঞ্জ বন বিভাগের গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা। বন বিভাগের কর্মকর্তারা দেখেও না দেখার ভান করে আছে। এতে জনমনে নানা প্রশ্ন ও ক্ষোভ তৈরি হচেছ। গত ৪-৫ দিন ধরে রাতের আঁধারে পাঁচ শতাধিক গাছ কেটে নেওয়া হয়েছে। পরে খালি জমিতে চাষাবাদ করছে দুর্বৃত্তরা।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া গেছে।
বনের গাছ কেন কাটছেন জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, এগুলো আমাদের জমি। বন বিভাগ অবৈধভাবে দখল করেছে। এই জন্যই এখন গাছ কেটে সেই জমিতে কৃষি কাজ করছি।
এদিকে পাবনা পাড়ার পার্শ্ববর্তী নদীর পাশের বনের উঁচু মাটি কেটে বালু উত্তোলন করছে বালুখেকোরা। একদিকে গাছ চুরি অন্যদিকে চলছে বালু উত্তোলন। আর এই উৎসবে মেতে উঠেছে স্থানীয় বালু খেকো ও ভূমিদস্যূরা।
সংশ্লিষ্ট বন বিভাগের প্রহরীর কক্ষে গেলে সে কক্ষ বন্ধ পাওয়া যায়। বনের আশেপাশে কোথাও বন রক্ষার প্রহরীদের খুঁজে পাওয়া যায়নি।
বন উজারের ঘটনায় ভোগডাবুড়ি ইউনিয়ন চেয়ারম্যান ও ডোমার উপজেলা বিএনপির সভাপতি রিয়াজুল ইসলাম কালু বলেন, 'বন উজারের ঘটনায় এর আগেও মামলা হয়েছে, তারা জামিনে বের হয়ে আবারো বন উজার করতেছে। আমি সেখানে রাতে গ্রাম পুলিশকে পাঠিয়ে দিয়েছি। বনের নিরাপত্তার স্বার্থে বন পাহারা জরুরী এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে।'
ডোমার বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাই বলেন, 'এর আগে বনদস্যুরা অবৈধভাবে বনের গাছ কাটায় আমরা তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছি। নতুন করে আবারো গাছ কাটা হচ্ছে। বিষয়টি আমাকে কেউ অবগত করেনি। আমি বিট অফিসারকে বলেছি তারা দ্রুত পদক্ষেপ নিচ্ছে।'
ডোমার উপজেলা নির্বাহী অফিসার সায়লা সাঈদ তন্বী বলেন, 'তদন্ত সাপেক্ষে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করবো। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
স্বদেশ প্রতিদিন/কেএইচ