প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৮:১৪ পিএম

চাঁদপুরের পুরান বাজার এলাকায় টিনের বাড়ি বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মো. মন্টু ঢালী (৭০) ও মো. আনোয়ার হোসেন খান (৫৫) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়।
শুক্রবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় পুরান বাজার দুই নম্বর ওয়ার্ড পশ্চিম জাফরাবাদ গ্রামের ঢালী বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে।
মৃত মন্টুর ছেলে আল আমিন ও তার স্ত্রী ফাহিমা বেগম জানান, আর্থিং সমস্যা থেকে তাদের বাড়ি বিদ্যুতায়িত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। নতুন আত্মীয়তার বিষয়ে বলে চলে যাচ্ছিলেন । ওই সময় তষঘর থেকে কথা শেষে বের হয়ে যাওয়ার সময় আনোয়ার খান ঘরের বেড়ার টিনে হাত দেন। এতে বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। পরবর্তীতে তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন মন্টু ঢালীও। পরে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে দুজনকেই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আসিবুল আহসান বলেন, হাসপাতালে আনার আগেই দুইজন মারা গিয়েছেন।
এদিকে খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহসীন আলম উভয় মরদেহের সুরতহাল তৈরি করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাহার মিয়া বলেন, এই ঘটনায় নিহত দুই পরিবারের কোন অভিযোগ নেই। থানায় দুটি পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে। স্বজনেরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর কাছে আবেদন করায় দুটি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/আইজেপি