প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৬:২৯ পিএম আপডেট: ২১.০৫.২০২৫ ৭:৩৫ PM

রাজবাড়ীর পাংশায় বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার (২১ মে) বেলা আড়াইটার দিকে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নওপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুষ্টিয়ার খোকসা পৌর সভার কমলাপুর এলাকার মো: কোরবান শেখ (৫৫) ও খোকসা পৌর সভার অশোক কুমার রায় (৬০)।
নিহতের প্রতিবেশী মো: বকুল হোসেন বলেন, আজ সকালে কোরবান শেখ ও অশোক রায় এক মোটরসাইকেলে পাংশায় মহাজনের হালখাতা করতে যান। বাড়ি ফেরার পথে মাছপাড়া বাসস্ট্যান্ডের আগে নওপাড়া এলাকায় পৌঁছলে কুষ্টিয়ার দিক থেকে ছেড়ে আসা বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় তারা দুইজন পড়ে যায়।
তিনি আরও বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সালাউদ্দিন বলেন, বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। ঘাতক ট্রাক ও চালক পালিয়ে গেছে। ঘাতক ট্রাক ও চালক আটকে অভিযান অব্যাহত আছে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ