প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৪:৩৫ পিএম আপডেট: ২১.০৫.২০২৫ ৫:৪৭ PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন পরিষদের সরকারি রাস্তা নিয়ে দখল ও উত্তেজনার ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী। রাস্তা উদ্ধারের পর কাজ বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসী বিক্ষোভে ফেটে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবো-গোপালিবাড়ি সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে বেক্সিমকো গ্রুপ এবং আনন্দ পুলিশ হাউজিং ও সি-সেল নামের দুটি আবাসন প্রতিষ্ঠানের দখলে ছিল। রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবন থেকে শুরু হয়ে দক্ষিণবাগ গোপালিবাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তার ওপর বালি ফেলে ও কালভার্ট বন্ধ করে দেওয়ায়, অন্তত ১০ টি গ্রামের মানুষকে ঘুরে প্রায় ৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলাচল করতে হতো।
গ্রামবাসীর দাবি, দীর্ঘদিন প্রশাসনের কাছে আবেদন জানালেও কোনো কাজ হয়নি। পরে তারা নিজেরাই ঐ রাস্তা উদ্ধার করে চলাচলের ব্যবস্থা নেন। কিন্তু গত ১৮ মে রাত ১২টায় এসিল্যান্ড তাছবির হোসেন এসে রাস্তার কাজ বন্ধ করে দেন, যা নিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়।
বুধবার (২১ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে গেলে এলাকাবাসীর তোপের মুখে সমাধান না দিয়েই ফিরে যান। এরপর শত শত নারী-পুরুষ গুতিয়াবো গোপালিবাড়ি সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং তাদের চলাচলের একমাত্র রাস্তা দ্রুত নির্মাণের দাবি জানান।
এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন অ্যাডভোকেট আলম মিয়া, মোস্তফা মিয়া, জজ মিয়া, মানিক মিয়াসহ অনেকেই।
তারা বলেন, ‘প্রভাবশালী মহলের কারণে আমরা বহুদিন ধরে ভোগান্তিতে আছি। সরকারি রাস্তা উদ্ধারের পর আবারও আমাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এই রাস্তা নির্মাণ না হওয়া পর্যন্ত শান্ত থাকব না।’
রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পূর্বাচল রাজস্ব সার্কেলের কর্মকর্তা তাছবির হোসেন বলেন, ‘রাস্তা বন্ধ করতে নয়, বরং তদন্তের জন্য সাময়িকভাবে কাজ বন্ধ করতে বলা হয়েছে। আইন অনুযায়ী প্রক্রিয়া মেনে রাস্তা উদ্ধার ও চলাচলের ব্যবস্থা করা হবে।’
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘আনন্দ পুলিশ হাউজিং থেকে অভিযোগ পাওয়ার পর আমরা সরেজমিনে পরিদর্শনে গিয়েছি। সবাইকে নিয়ে আলাপ করে একটা সঠিক সমাধান বের করার চেষ্টা চলছে।’
এদিকে গ্রামবাসীরা সাফ জানিয়ে দিয়েছেন, দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা।
স্বদেশ প্রতিদিন/এমএম