প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৯:৪৭ পিএম

ভোলার স্বার্থ রক্ষায়, 'ঘরে ঘরে গ্যাস চাই, ভোলার গ্যাস ভোলায় চাই', ভোলা-বরিশাল সেতু চাই, সরকারি মেডিকেল কলেজ হাসপাতালসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আবারো লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে জেলার স্বার্থরক্ষায় গঠিত ‘আমরা ভোলাবাসী নামে একটি প্লাটফর্ম। মঙ্গলবার (২০ মে) দুপুরে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বার বার আশ্বাস দিয়েও ভোলার মানুষের যৌক্তিক দাবিগুলো সরকার মেনে নিচ্ছে না। সে কারণে ভোলার প্রতিটি ঘরে গ্যাস সংযোগ, সরকারি মেডিকেল কলেজ স্থাপন ও জেনারেল হাসপাতাল আধুনিকায়ন, ভোলা-বরিশাল সেতুর কাজ শুরু করা, গ্যাস ভিত্তিক শিল্পকারখানা নির্মাণ করা, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন ও নদী ভাঙন থেকে রক্ষায় ছয় দফা ঘোষণা করা হয়। কর্মসূচির অংশ হিসাবে ২৪ মে শনিবার শহরের বাংলা স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশ ও সেখান থেকে সুন্দর বন ও ইন্টাকো অফিস অভিমুখে পদযাত্রা ও ঘেরাও করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিতভাবে জানানো হয়, ভোলাবাসীকে উপেক্ষা করে গ্যাস জেলার বাইরে নেওয়া কোনভাবেই গ্রহণযোগ্য না। অগ্রাধিকার ভিত্তিতে পাইপের মাধ্যমে ঘরে ঘরে গ্যাস সংযোগ দিতে হবে। গ্যাস সরবরাহের জন্য ভোলা পৌরসভা ও বোরহানউদ্দিন পৌর এলাকায় সুন্দরবন গ্যাস কোম্পানী প্রায় ৫০ কিলোমিটার সংযোগ পাইপ বসিয়েছে। ওই লাইন দিয়ে প্রায় ২০ হাজার পরিবারকে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব। মাত্র ২ হাজার ৩৫ জন গ্রাহককে সংযোগ দেয়ার পর বন্ধ ঘোষণা করে সরকার। কিন্তু ভোলার গ্যাস এলপিজি আকারে সিলিন্ডারে করে কম দামে ঢাকা গাজিপুর নিয়ে ব্যবহার করছে। এ প্রক্রিয়াকে বৈষম্য বলে মনে করছেন স্থানীয়রা।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন, জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম।
স্বদেশ প্রতিদিন/কেএইচ