প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৮:৫৩ পিএম

বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের চাপায় আজ মঙ্গলবার দুপুরে গজারিয়া ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির (জিস্ট) এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তার নাম আমেনা খাতুন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী মামুন শরীফ জানান, মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠান ছুটির পর কলেজ সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে কুমিল্লা অভিমুখী মায়ামী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই শিক্ষীর্থীকে চাপা দেয়। গুরুতর আহত ছাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকদের বরাত দিয়ে অধ্যক্ষ আরো জানান, রাত আটটায় আহত শিক্ষার্থীর জ্ঞান ফিরেছে। অন্তত ২৪ ঘণ্টা পর তার বিষয়ে সঠিক ধারনা পাওয়া যাবে বলেও জানান অধ্যক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শিক্ষার্থীর মাথা, কপালের বাম পাশ, হাত ও কোমর থেতলে যাওয়াসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে।
গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশের ডিউটি অফিসার সার্জেন্ট সফিউল ইসলাম জানান, এমন কোন ঘটনা কেউ অবগত করেনি।
স্বদেশ প্রতিদিন/কেএইচ