প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৬:০৮ পিএম

যশোর পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, তার স্ত্রী শামীমা শারমিন এবং ছেলে সায়েদ আনান চাকলাদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
আজ সোমবার (১৯ মে) যশোরের সিনিয়র স্পেশাল জজ শেখ নাজমুল আলম এই নিষেধাজ্ঞা জারি করেন।
সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের এক আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। যদিও গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর জহিরুল ইসলাম রেন্টু চাকলাদারকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি। এবং তার নিকটজনরা জানিয়েছেন, তিনি স্বপরিবারে অনেক আগেই দেশ থেকে পালিয়েছেন।
দুদকের পিপি সিরাজুল ইসলাম জানান, দুদকের দায়ের করা অনুসন্ধান আবেদনে জানানো হয়, রেন্টু চাকলাদার ও তার পরিবার সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। অনুসন্ধান চলাকালে জানা যায়, অভিযুক্ত তিনজনই দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যা তদন্ত প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহে মারাত্মক বাধা সৃষ্টি করতে পারে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস