প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৭:৫২ পিএম আপডেট: ১৮.০৫.২০২৫ ৭:৫৭ PM

মাদারীপুরের রাজৈরে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আওয়ামী লীগ নেতার যোগদান নিয়ে তোলপাড় শুরু হয়েছে জেলা জুড়ে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচলার ঝড় তুলেছেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
এদিকে তোপের মুখে সমন্বয়কপন্থী দলটির রাজৈর উপজেলার এক প্রতিনিধি জাবের হাওলাদার বলছেন, ভবিষ্যতে এনসিপিতে যোগদানের ইচ্ছা পোষণ করেছেন আওয়ামী লীগ নেতা ও মৎস্য ব্যবসায়ীরা। বর্তমানে জাতীয় নাগরিক কমিটিতে (এনসিসি) যোগদান করেছেন তারা। এই জবাব দিয়ে শনিবার (১৭ মে) রাতে দলটির রাজৈর উপজেলা প্রতিনিধিদের পক্ষ থেকে সাংবাদিকদের একটি বার্তা পাঠানো হয়।
প্রেরিত বার্তায় বলা হয়েছে-
আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বিভিন্ন মিডিয়াতে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা এনসিপিতে আওয়ামী লীগ নেতার যোগদানের বিষয়ে নিউজ করা হয়েছে। অথচ বাস্তবতা হচ্ছে এই যে, এনসিপির কেন্দ্রীয় কমিটি ব্যতিত এখন পর্যন্ত কোথাও কোনো কমিটি গঠন করা হয়নি। যেটি হয়েছিল সেটি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি (এনসিসি)।
মূলত এই এনসিসি'র রাজৈর উপজেলা প্রতিনিধিদের সাথে উক্ত এলাকার মৎস্য ব্যবসায়ীদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে তাদের বড় একটি অংশই জাতীয় নাগরিক কমিটি (এনসিসি) এর সাথে যুক্ত হয়ে ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদানের ইচ্ছা পোষণ করেছেন। পরবর্তীতে শুনেছি তাদের মধ্যে একজন ইউনিয়ন পর্যায়ের সাবেক আওয়ামী লীগ নেতাও ছিলেন। যিনি ৫'ই আগস্টের আগে নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন এবং ঢাকায় অধ্যয়নরত তার দুই ছেলেকে জুলাই আন্দোলনে উদ্বুদ্ধ করেছেন ও আর্থিক সহায়তা দিয়েছেন।
অতএব, বলাই বাহুল্য যে, এনসিপিতে যোগদানের নিউজটি সঙ্গতিপূর্ণ নয় বরং ইচ্ছা প্রকাশ করেছেন।
এছাড়া পার্টির কমিটি দেয়ার এখতিয়ার শুধুমাত্র কেন্দ্রীয় কমিটির। প্রত্যেকটি কমিটি গঠনের আগে তারা সবকিছু যাচাই বাছাই করেই কমিটি দিবেন।
প্রসঙ্গত, শনিবার (১৭ মে) দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে সাবেক দল জাতীয় নাগরিক কমিটির (এনসিসি) সদস্য ও বর্তমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজৈর উপজেলার নেতা জাবের হাওলাদার, মহাসিন ফকির, আজগর শেখের হাতে ফুলের তোড়া দিয়ে নবাগত দলটিতে যোগদান করেন খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুর হাওলাদার এবং রাজৈর পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাহিম হাওলাদার সহ মৎস্য ব্যবসায়ী সমিতির ২ শতাধিক সদস্য।
এ আনুষ্ঠানিকতা শেষে 'আ.লীগ নেতাসহ ২ শতাধিক মৎস্য ব্যবসায়ীর এনসিপিতে যোগদান' শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়। মুহূর্তেই এ খবর বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে। পরে ফুসে উঠেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা কমিটির নেতারা।
স্বদেশ প্রতিদিন/কেএইচ