প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৩:০৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন উপাচার্য ড. অধ্যাপক নিয়াজ আহমেদ খান। রোববার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে আয়োজিত এক ছাত্র সমাবেশে তিনি এ ঘোষণা দেন। সমাবেশটি সম্প্রতি নিহত ছাত্রদল নেতা ও ওই হলের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর হত্যার বিচার দাবিতে অনুষ্ঠিত হয়।
উপাচার্য বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুরক্ষায় বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে আমরা কঠোর অবস্থানে যাচ্ছি। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।” তিনি জানান, এ ঘটনায় ইতোমধ্যে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ (রোববার) থেকেই তাদের রিমান্ড প্রক্রিয়া শুরু হবে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। “রাজনৈতিক মতভেদ নয়, এখন আমাদের প্রয়োজন ন্যায়বিচার নিশ্চিত করা,” বলেন উপাচার্য।
সাম্যর ভাই সমাবেশে অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে সাম্যর বিরুদ্ধে চরিত্র হননের প্রচেষ্টা চলছে। এর তীব্র নিন্দা জানিয়ে উপাচার্য বলেন, “বিচারপ্রক্রিয়ায় যেন কোনো নিরীহ ব্যক্তি হয়রানির শিকার না হন, সে বিষয়টি আমরা নিশ্চিত করব।”
উপাচার্য আরও জানান, শনিবার (১৭ মে) তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে অবগত হয়েছেন। রবিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।