প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ২:৩৯ পিএম

ঢাকার গুলশান জোনে আয়োজিত এক সদস্য (রুকন) শিক্ষাশিবিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বাকশালীরা গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। দ্বীন বিজয়ের লক্ষ্যে প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে।
শুক্রবার রাত ৮টায় রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত এই শিক্ষাশিবিরে অধ্যাপক মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি এবং জোন পরিচালক ইয়াছিন আরাফাত। পরিচালনায় ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সহকারী পরিচালক হেদায়েতুল্লাহ।
শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, ঢাকা-১৭ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ডা. স ম খালিদুজ্জামান এবং ঢাকা-১১ আসনের সম্ভাব্য প্রার্থী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বনানী থানা আমীর মিজানুর রহমান খান, গুলশান পশ্চিম আমীর মাহমুদুর রহমান আজাদ, ক্যান্টনমেন্ট থানা আমীর আব্দুস সাকি এবং গুলশান পূর্ব থানা আমীর জিল্লুর রহমান।
অধ্যাপক মুজিবুর রহমান তার বক্তব্যে বলেন, আগস্ট বিপ্লবের মাধ্যমে অত্যাচারী আওয়ামী-বাকশালী সরকারের পতন হলেও রাষ্ট্রে শৃঙ্খলা এখনো ফিরে আসেনি। বাকশালীরা রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো ও প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করে দিয়েছে। এই কাঠামোতে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
তিনি নির্বাচনপূর্ব রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
তিনি বলেন, রুকনিয়াত কোনও পদ-পদবি নয়, বরং এটি একটি মানের প্রতিফলন। একজন রুকনের জীবনে ইসলামী মূল্যবোধ, সততা, চরিত্রের মাধুর্য ও সমাজসেবার চেতনা থাকতে হবে। দ্বীন বিজয়ের জন্য গণমানুষের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং তাদের সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে দেশে ফ্যাসীবাদ ও স্বৈরাচারের পতন ঘটলেও ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। আমাদের অর্জিত বিজয়কে টেকসই করতে সচেতন থাকতে হবে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর