প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৯:৪৫ পিএম

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাশুসন ইসমাইল ও মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কেওয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার মালয়েশিয়ায় হওয়া এই বৈঠকের পর দেশটিতে শ্রমবাজার নিয়ে সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা।
বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন ড. আসিফ নজরুল। ভিডিওতে তিনি বলেন, মালয়েশিয়ার তিনজন মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে।
বৈঠকে কিছু অগ্রগতি সাধিত হয়েছে। মালয়েশিয়ায় যেতে না পারা ১৭ হাজার কর্মীর মধ্যে প্রথম ধাপে ৭ হাজার ৯২৬ জনের তালিকা চূড়ান্ত করেছে মালয়েশিয়া।
খুব অল্প সময়ের মধ্যে তারা মালয়েশিয়ার কাজ করার সুযোগ পাবেন।
আমরা বিভিন্ন সূত্রে জেনেছি, আগামী কয়েক মাসে মালয়েশিয়া ১ থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নিতে পারে। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন, লোক নেওয়ার ক্ষেত্রে তারা বাংলাদেশ সবার আগে অগ্রাধিকার দেবে। আমরা তাদের কাছে অনুরোধ করেছিলাম, বাংলাদেশ থেকে সব রিক্রুটিং এজেন্সি যাতে লোক পাঠানোর সুযোগ পায়।
তাদের আমরা বিষয়টি ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। তারা অচিরেই বিষয়টি নিয়ে আমাদের জানাবেন।
আমাদের আরেকটি বড় অগ্রগতি যেটা হয়েছে, আমাদের শ্রমিকরা মাল্টিপল এন্ট্রি ভিসা পান না। যাতে মাল্টিপল এন্ট্রি ভিসা পান সে ক্ষেত্রে তারা ব্যবস্থা নেবেন। এ ছাড়া যারা দেশটিতে অবৈধ হয়েছেন তাদের বৈধ করার ব্যাপারে আমি বলেছি।
স্বদেশ প্রতিদিন/কেএইচ