
কাশ্মীরের পেহেলগামে কথিত সন্ত্রাসী হামলার জবাবে পরিচালিত ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর অন্যতম মুখ কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন বিজেপি নেতা ও মধ্যপ্রদেশের উপজাতি কল্যাণ মন্ত্রী বিজয় শাহ।
গত সোমবার (১২ মে) ইন্দোরে এক জনসভায় তিনি কর্নেল সোফিয়ার ধর্ম নিয়ে কটাক্ষ করে তাকে ‘জঙ্গিদের বোন’ বলে মন্তব্য করেন। বিজেপি নেতার এই বক্তব্যের ভিডিও কংগ্রেস শেয়ার করলে তা ঘিরে শুরু হয় ব্যাপক বিতর্ক। দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সাবেক সেনা কর্মকর্তারা এর কড়া নিন্দা জানান।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া–র প্রতিবেদনে বলা হয়, বিজয় শাহ ওই জনসভায় বলেন, “সিঁদুর মুছে আমাদের বোন-মেয়েদের অসম্মান করেছে জঙ্গিরা। আমরা পালটা জবাব দিতে তাদের বোনকেই পাঠিয়েছি।”
তিনি আরও বলেন, “পেহেলগামে জঙ্গিরা ধর্ম জানতে জামাকাপড় খুলিয়ে পরীক্ষা করেছে, তারপর গুলি করে হত্যা করেছে। মোদি নিজে তো সেটা করতে পারবেন না, তাই তাদের সম্প্রদায়েরই বোনকে শাস্তি দিতে পাঠানো হয়েছে।”
বিরোধীদের প্রতিবাদ ও নিন্দা
বিজেপি নেতার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে বলেছে, “এটাই বিজেপির আসল রূপ—ধর্মান্ধতা ও বিদ্বেষে পরিপূর্ণ। এক বীর সেনা কর্মকর্তাকেও ধর্মের ভিত্তিতে অপমান করছে তারা। অবিলম্বে বিজয় শাহকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করতে হবে।”
কংগ্রেসও বলেছে, “কর্নেল সোফিয়া কুরেশি শুধু ভারতের গর্বই নন, তিনি সশস্ত্র বাহিনীর সম্মান। তার প্রতি এমন কুরুচিকর মন্তব্য দেশের জন্যই অবমাননাকর।” তারা প্রশ্ন তুলেছে, “মোদি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিজয় শাহের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে বিজেপি? নাকি তাকে পুরস্কৃত করা হবে?”
প্রতিক্রিয়ায় বক্তব্য বিকৃতির দাবি
তীব্র বিতর্কের পর বিজয় শাহ দাবি করেন, তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। যদিও ভিডিওতে সরাসরি কর্নেল সোফিয়ার নাম না নিলেও কংগ্রেসের অভিযোগ, মন্তব্যের লক্ষ্য কর্নেল সোফিয়াই।
অপারেশন সিঁদুরের প্রেক্ষাপট
উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানে অভিযান চালায় ভারত। ‘অপারেশন সিঁদুর’ নামের ওই অভিযানে পাকিস্তানে অন্তত ৩৫ জন নিহত হন। এরপর পাকিস্তান ‘বুনিয়ানুম মারসুস’ নামে পাল্টা অভিযান চালায়। অবশেষে ১০ মে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
৮৭ ঘণ্টার রক্তক্ষয়ী এই সংঘর্ষে উভয় দেশ নিজেদের বিজয়ী দাবি করলেও, কর্নেল সোফিয়াকে ঘিরে রাজনৈতিক বিতর্ক এখন যুদ্ধের নেপথ্যের বীরদের সম্মান এবং ধর্মীয় বিদ্বেষ উসকে দেওয়ার প্রশ্নে ভারতজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ