প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৩:৩৪ পিএম আপডেট: ১৪.০৫.২০২৫ ৩:৪০ PM

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে, তার সাজা নিয়ে আপিলের শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।
আজ (১৪ মে) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান একক বেঞ্চে এই আদেশ দেন। জামিনের শুনানিতে জোবাইদা রহমানের পক্ষে আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ ও অ্যাডভোকেট জাকির হোসেন উপস্থিত ছিলেন।
এদিকে, গতকাল (১৩ মে) হাইকোর্ট জোবাইদা রহমানকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করে।
২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর দুদক (দুর্নীতি দমন কমিশন) তারেক রহমান, জোবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে। এ মামলায় ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত তারেক রহমানকে ৯ বছরের কারাদণ্ড এবং তার স্ত্রী জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেয়। তবে জোবাইদা রহমানকে ৩৫ লাখ টাকা জরিমানাও করা হয়।
এরপর, ২০২৪ সালের শেষের দিকে, সরকার জোবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করে। গত বছরের সেপ্টেম্বরে প্রকাশিত এক প্রজ্ঞাপনে তার সাজা স্থগিতের বিষয়টি জানানো হয়।
চলতি বছরের ৬ মে দেশে ফিরে আসেন জোবাইদা রহমান। এদিকে, জোবাইদা রহমানের সাজা নিয়ে আপিলের পরিপ্রেক্ষিতে তার জামিন দেওয়া হলো।
স্বদেশ প্রতিদিন/এমএম