প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ১:৪২ পিএম

উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট ও বিশ্বখ্যাত রাজনৈতিক নেতা হোসে ‘পেপে’ মুজিকা আর নেই। তিনি ৮৯ বছর বয়সে মারা গেছেন। আজ বুধবার (১৪ মে) তার মৃত্যুর খবর জানিয়েছে বিবিসি।
হোসে মুজিকা ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত উরুগুয়ের প্রেসিডেন্ট ছিলেন। তিনি সাধারণ জীবনযাপন করতেন এবং নিজের বেশিরভাগ বেতন গরিবদের দান করতেন। এ কারণে তিনি ‘বিশ্বের সবচেয়ে গরিব প্রেসিডেন্ট’ নামে পরিচিতি পান।
মুজিকার মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে তিনি খাদ্যনালীর ক্যান্সারে ভুগছিলেন বলে জানা গেছে।
তরুণ বয়সে মুজিকা একজন গেরিলা যোদ্ধা ছিলেন। তিনি ১৯৬০-এর দশকে ‘টুপামারোস’ নামে একটি বামপন্থী গোপন সংগঠন গড়ে তোলেন। এই সংগঠন সরকারের বিরুদ্ধে আন্দোলন চালায়। সেই সময় তাকে চারবার গ্রেপ্তার করা হয়, এমনকি একবার গুলি খেয়ে তিনি মৃত্যুর মুখ থেকেও ফিরে আসেন।
মুজিকা জীবনের ১৪ বছরেরও বেশি সময় জেল খেটেছেন। বেশিরভাগ সময় তাকে একা রাখা হতো, এবং তিনি নির্যাতনের শিকার হন। ১৯৮৫ সালে উরুগুয়েতে গণতন্ত্র ফিরে আসলে তিনি মুক্তি পান।
প্রেসিডেন্ট হওয়ার পরেও মুজিকা একটি সাধারণ খামারবাড়িতে থাকতেন, পুরনো গাড়ি চালাতেন এবং বিলাসী কোনো জিনিস ব্যবহার করতেন না। তিনি বলেন, রাজনীতি ছাড়াও বই পড়া ও খামারে কাজ করতে ভালোবাসতেন।
উরুগুয়ের বর্তমান প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসি সামাজিক মাধ্যমে শোক জানিয়ে লেখেন, ‘আপনি আমাদের অনেক কিছু দিয়েছেন, জনগণের জন্য অনেক কিছু করেছেন- আপনাকে ধন্যবাদ।’
মাত্র ৩৪ লাখ মানুষের দেশ উরুগুয়ের এই নেতা সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তার সততা, সরলতা ও মানবিক দৃষ্টিভঙ্গির কারণে।
সূত্র: বিবিসি
স্বদেশ প্রতিদিন/এমএম