প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৭:১৪ পিএম আপডেট: ১৩.০৫.২০২৫ ৮:৩৫ PM

এনসিসি ব্যাংক কুষ্টিয়া শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডোর কার্যক্রম শুরু করেছে। আজ মঙ্গলবার (১৩ মে) আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনসিসি ব্যাংকের চীফ অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন আবুল কাসেম মো. ছফিউল্লাহ।
চীফ অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন আবুল কাসেম মো. ছফিউল্লাহ বলেন, ‘দেশের ইসলামিক ব্যাংকিং খাতে বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে বিবেচনায় রেখে আমরা শরীআহ্ ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছি। ভবিষ্যতে আমাদের সকল শাখা এবং উপ-শাখায় এই উইন্ডো চালু করা হবে। আমরা আমাদের শরীআহ্ বোর্ডের নির্দেশনায় ইসলামি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছি, যা গ্রাহকদের আকাঙ্ক্ষা ও চাহিদা পূরণের লক্ষ্য পূর্ণ করবে।
তিনি বলেন ইতোমধ্যে আমরা ঢাকার গুলশানে এবং চট্টগ্রামের মুরাদপুরে দুইটি পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখা খোলার অল্প সময়ের ব্যবধানে গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া পেয়েছি। এরই ধারাবাহিকতায় আমরা আরো পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখা খোলার পাশাপাশি প্রাথমিক পর্যায়ে ৩২টি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করতে যাচ্ছি। ইতোমধ্যে মতিঝিল প্রধান শাখা, এনসিসি ব্যাংক ভবন শাখা, ফেনী, মহিপাল, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী, নারায়নগঞ্জ, বরিশাল, যশোর, খুলনা শাখার পাশাপশি গুলশান, বারিধারা, ধানমন্ডি ও শ্যামলী শাখায় ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে।
এ সময় তিনি আরো বলেন, আমরা আমাদের শরীআহ্ সুপারভাইজরি কমিটির দিক নির্দেশনায় সম্পূর্ণ শরীআহ্ বিধি অনুসরণে ইসলামী ব্যংকিং কার্যক্রম পরিচালনা করছি যা গ্রাহকদের আকাঙ্ক্ষা ও চাহিদা পূরণে সক্ষম হবে। তিনি ব্যবসায়ী এবং পেশাজীবীদের এনসিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক মো: সাখাওয়াত হোসেন, এনসিসি ব্যাংকের অন্যান্য কর্মকর্তা এবং দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি ফয়সাল চৌধুরী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ীগণ।
স্বদেশ প্রতিদিন/আইএমএস