প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৭:৪৯ পিএম আপডেট: ১০.০৫.২০২৫ ৭:৫৪ PM

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমান সিঁথি।
শনিবার (১০ মে) কবর জিয়ারতের উদ্দেশ্যে রাজধানীর বনানী কবরস্থানে আসেন তারা। কবর জিয়ারত শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত করেন ডা. জুবাইদা রহমান।
ঢাকায় ডা. জুবাইদা রহমানের নিরাপত্তার বিষয়টি সার্বিকভাবে তদারকি করছেন ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম। সিএসএফ সদস্যদের (বিএনপি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স) মাধ্যমেই মূলত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থার সঙ্গে নিরাপত্তার বিষয়টি সমন্বয় করছেন সাবেক এই সেনা কর্মকর্তা।
এসময় বনানী কবরস্থানে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ প্রমুখ।
উল্লেখ্য, আরাফাত রহমান কোকো’র জন্ম ১৯৬৯ সালে ঢাকায়। তিনি ঢাকার বিএফ শাহীন কলেজে লেখাপড়া করেছেন। ১৯৬৯ সালে জিয়াউর রহমান সপরিবারে ঢাকায় চলে এলে কিছুদিন জয়দেবপুরে থাকার পর বাবার চাকরির সুবাদে চট্টগ্রামের ষোলশহর এলাকায় বাস করেন। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন আরাফাত রহমান কোকো।
২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্তেকাল করেন ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো। মৃত্যুকালে তিনি স্ত্রী শামিলা রহমান, দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান।
স্বদেশ প্রতিদিন/এসকে