প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ১২:৩২ পিএম

বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিকের নতুন ধর্মগুরু নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। তিনি পরিচিত হবেন পোপ চতুর্দশ লিও নামে। রবার্ট ফ্রান্সিস প্রথম কার্ডিনাল, যিনি যুক্তরাষ্ট্র থেকে পোপ নির্বাচিত হলেন।
গতকাল বৃহস্পতিবার ভ্যাটিকানে দ্বিতীয় দিনের ভোটাভুটিতে নতুন পোপ নির্বাচিত হন রবার্ট ফ্রান্সিস (৬৯)। বিশ্বের ৭০টি দেশ থেকে ভ্যাটিকানে জড়ো হওয়া ১৩৩ কার্ডিনাল এই ভোটাভুটিতে অংশ নেন। খবর এএফপির।
সেন্ট পিটার্স স্কয়ারে অপেক্ষমাণ হাজার হাজার ভক্তের উল্লাসের মধ্যে সেন্ট পিটার্স বাসিলিকার বারান্দায় আবির্ভূত হন নতুন পোপ। হাসিমুখে দু’হাত নেড়ে এবং মস্তক অবনত করে তিনি বিশ্ববাসীকে শান্তির বার্তা দেন, বলেন, ‘শান্তি আপনাদের সঙ্গী হোক।’
এর আগে সিক্সটিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া বের হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন পোপ নির্বাচনের ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে। এটি ছিল কার্ডিনালদের ভোটিংয়ের দ্বিতীয় দিন। সাদা ধোঁয়া দেখার সঙ্গে সঙ্গেই রোমের গির্জাগুলোতে আনন্দের ঘণ্টা বাজতে শুরু করে এবং হাজারো মানুষ বাসিলিকার সামনে ভিড় করে, যেখানে নতুন পোপের প্রথম ভাষণের জন্য লাল গালিচা বিছানো হয়েছিল।
আর্জেন্টিনার সংস্কারপন্থি পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্টের নাম লাতিন ভাষায় ঘোষণা করা হয়।
উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট থেকে আগত ৩৯ বছর বয়সী শেফ জোসেফ ব্রায়ান এই মুহূর্তটিকে ‘এক অসাধারণ অনুভূতি’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, ‘আমি খুব একটা ধর্মভীরু মানুষ নই, কিন্তু এখানে এত মানুষের সমাগম আমাকে সত্যিই বিস্মিত করেছে।’
ব্রাজিলের পতাকা হাতে এক উচ্ছ্বসিত যাজককে অন্যের কাঁধে উঠে আনন্দ প্রকাশ করতে দেখা যায়, আবার অন্য একজন আকাশের দিকে একটি বিশাল ক্রুশ উঁচিয়ে ধরে বিজয়ের উল্লাস করেন।
স্বদেশ প্রতিদিন/কেএইচ