প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ১০:০০ AM

প্রশাসনের নির্লিপ্ততায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশত্যাগ করতে পেরেছেন বলে অভিযোগ তুলে এর প্রতিবাদে তাঁর নিজ এলাকা কিশোরগঞ্জের মিঠামইনে বিক্ষোভ মিছিল হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলা সদরে এ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ অনেকে মিছিলে অংশ নেন।
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ মিছিলে অংশ নেন। রাত পৌনে ৮টার দিকে মিঠামইন সদরের উচ্চ বিদ্যালয় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মিঠামইন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর বলেন, মামলা থাকার পরও প্রশাসনের নির্লিপ্ততায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বিনা বাধায় দেশ থেকে পালিয়ে গেছেন। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এ ছাড়া আবদুল হামিদের ভাই আবদুল হক নূরু, বোন আছিয়া আলম, ভাতিজা শরীফ কামালসহ পরিবারের অন্যরা ঢাকায় বসে থেকে এলাকায় গুঁটি চালাচ্ছে। তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ