প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১১:৩৮ AM

ফেনী সদর উপজেলার লালপোল এলাকার দাসের পোল সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিবাগত রাত ১টার দিকে পরিচালিত অভিযানে একজনকে ছয় মাস এবং অপরজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সোনাগাজী উপজেলার চরমজলিশপুর এলাকার মো. খোকন (৩৫) এবং সদর উপজেলার কালীদহ ইউনিয়নের শেখ আবদুল্লাহ (২০)। তাদের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী দণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার বলেন, জেলা প্রশাসন ফেনী ফসলি জমি রক্ষায় বিন্দুমাত্র ছাড় দেবে না। কারো পক্ষ থেকে কোনো সুপারিশ এলে শাস্তি দ্বিগুণ করার ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ