প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৮:০১ পিএম আপডেট: ০৭.০৫.২০২৫ ৮:১৭ PM

কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গোকুলনগর গ্রামের মেয়ে মোসা. পিংকি আক্তার (২০) দীর্ঘ ৩৭ দিন ধরে নিখোঁজ। মানসিক ভারসাম্যহীন এই তরুণীর সন্ধানে একাকী ছুটে বেড়াচ্ছেন তার মা পারভীন আক্তার। প্রতিদিন বিকেলে রাস্তার দিকে চেয়ে থাকেন, হয়তো আজ ফিরবে তার মেয়ে।
গত ৩১ মার্চ বিকেল ৫টার দিকে কোম্পানীগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল পিংকি। এরপর আর ফেরেনি। সম্ভাব্য আত্মীয়-স্বজন, প্রতিবেশী এমনকি আশপাশের থানাতেও খোঁজ করা হয়েছে, কিন্তু মেয়েটির কোনো সন্ধান মেলেনি।
পিংকির গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে, উচ্চতা আনুমানিক পাঁচ ফুট দুই ইঞ্চি এবং নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা রঙের সেলোয়ার কামিজ। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন এবং নিজেকে সঠিকভাবে প্রকাশ বা রক্ষা করার সক্ষমতা তার নেই।
পিংকির মা পারভীন আক্তার ৭ এপ্রিল মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মেয়ের একটা ছবি দেখে হলেও বাঁচার আকুতি তার। তার কথায়, আমার মেয়ে সুস্থ না। কোথায় আছে, কে জানে? কেউ যদি ওকে দেখে থাকেন, একটু খবর দিন।
এটি কেবল একটি মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনা নয়, একজন অসহায় মায়ের হৃদয়বিদারক অপেক্ষার নাম।
স্বদেশ প্রতিদিন/আইএমএস