প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৭:১৭ পিএম

টাঙ্গাইলের মধুপুরে পাহাড়ি বনাঞ্চলের গভীর জঙ্গল থেকে অধীর সূত্রধর (৬৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (৭ মে) দুপুরে উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের পীরগাছা এলাকার সেগুনবাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অধীর সূত্রধর টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কোনাবাড়ী এলাকার গোপি সূত্রধরের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।
অধীর সূত্রধরের ভাতিজা মুকুল সূত্রধর জানান, অধীর সূত্রধর মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হন। সারাদিন বাসায় না ফেরায় বাড়ির লোকজন বিভিন্ন স্থানে তার খোঁজ করেন। সন্ধ্যার পরেও তার সন্ধান না পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নিঁখোজ সংবাদ দেওয়া হয়।
আজ বুধবার বেলা ১১ টার দিকে স্থানীয় লোকজন জঙ্গলে গরু চড়াতে গিয়ে জঙ্গলের মধ্যে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া নিঁখোজ সংবাদের ভিত্তিতে অধীরকে চিনতে পারেন। বিষয়টি মধুপুর থানা প্রশাসনকে জানানো হলে ঘটনা স্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।
মধুপুর থানার পরিদর্শক তদন্ত রাসেল আহমেদ বলেন, ‘স্থানীয় লোকজন জঙ্গলে গরু চড়াতে গিয়ে সেগুন বাগানের গভীর জঙ্গলে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীরা থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।’
থানা পুলিশ জানান, নিহত অধীর সূত্রধরের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম