প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৯:৪৯ পিএম

রাজধানীর খিলগাঁওয়ের রসুলবাগ এলাকায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তার নাম শিহাবুল ইসলাম (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের সামার-২০২৩ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, শিহাবুল বিশ্ববিদ্যালয়ের একটি স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন। তবে নির্ধারিত মানদণ্ড পূরণ করতে না পারায় তিনি তা পাননি। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন ও হতাশায় ভুগছিলেন।
এছাড়াও তার কিছু পারিবারিক সমস্যাও ছিল, যা তার মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলেছে বলে তার কয়েকজন সহপাঠী জানিয়েছেন। পারিবারিক চাপ ও একাধিক কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
তার বড় বোন উম্মে সাইমা বলেন, “ভাই রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি, সে সিলিং ফ্যানে বেল্ট দিয়ে ঝুলছে। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই, কিন্তু চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
শিহাবুল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গুপিনাথপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আবু সাঈদ সরকার। তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তারা খিলগাঁওয়ের একটি ভাড়া বাসায় একসঙ্গে বসবাস করতেন।
খিলগাঁও থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আত্মহত্যার পেছনে কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
স্বদেশ প্রতিদিন/এনআর