প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ১২:১২ পিএম

কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নের পুরাতন ব্রীজ সংলগ্ন কুলিয়া পাড়ার একটি মৎস্য প্রজেক্ট থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ১২টার দিকে এঘটনা ঘটে। নিহত আলি আকবর (৩৫) খুরুশকুল কুলিয়াপাড়ার মৃত দানু মিয়ার ছেলে।
এলাকাবাসী ও নিহতের পরিবারের অভিযোগ, আকবরকে চুরির অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। এর আগেও 'আল্লাহওয়ালা' এই হ্যাচারিতে তাকে বেঁধে রেখে নির্মম নির্যাতন চালানো হয়েছিল।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাছির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেছি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানতে পুলিশ প্রশাসন কাজ করছে।
ফোনালাপে ঘটনার সত্যতা নিশ্চিত করে পরে কথা হবে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার এএসআই জহিরুল ইসলাম।
এবি পার্টির কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কাসেমের মালিকানাধীন আল্লাহওয়ালা হ্যাচারির কর্মচারীদের হাতে আকবর প্রাণ হারান বলে দাবি করেন তার স্বজন ও এলাকাবাসি। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা দেখা দেয় রাতে। হ্যাচারি মালিকের ছেলে এই ঘটনাকে কেন্দ্র উত্তেজিত জনতার রোসানলে পড়ে।
সকালে সদর মডেল থানার ডিউটি অফিসার জানিয়েছেন, লাশ এখনো হাসপাতাল মর্গে রয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে। আটক বা এ সংক্রান্ত বিস্তারিত আর কিছু বলতে পারছেন না তিনি।
স্বদেশ প্রতিদিন/কেএইচ